শিলিগুড়ি,১৪ নভেম্বর : ছটপুজোকে সামনে রেখে নতুন রূপে সেজে উঠছে শিলিগুড়ির সমরনগরের গীতা দেবী ছট ঘাটের সূর্য মন্দির। মহানন্দা ও মহিষমারি নদীর মাঝে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র এই সূর্য মন্দিরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। ঘাট পরিষ্কার, মন্দিরে রং করা, প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা—সব কাজই চলছে দ্রুতগতিতে।
আগামী ১৫ ও ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির অধ্যক্ষ রমেশ সাহ জানান, এবছর প্রায় ১৫০ জন ব্রতী এই ঘাটে সূর্যদেবের আরাধনায় অংশগ্রহণ করবেন। পুজো উপলক্ষে যজ্ঞ, প্রসাদ বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও কম্বল বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে এই ঘাটে প্রথম সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৪ সালে এসজেডিএ-র উদ্যোগে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে শুধু শিলিগুড়ি নয়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ পার্শ্ববর্তী বিহার থেকেও বহু ভক্ত এই মন্দিরে ছটপুজো করতে আসেন।
ভক্ত ও ব্রতীদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে ছটপুজোকে কেন্দ্র করে সমরনগরের এই সূর্য মন্দিরে এখন সা্জো সাজো রব। উৎসবের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ।





