শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ ছট মহাপর্ব শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করতে শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের মা সন্তোষী ছটপুজো ঘাট পরিদর্শন করলেন পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা।
পরিদর্শনের সময় ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। পাশাপাশি, ছটপুজো উপলক্ষে ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশ দেন আধিকারিকরা।
এদিন ছটপুজো কমিটির সদস্যদের প্রশাসনের নির্ধারিত সমস্ত নিয়ম মেনে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। ছট মহাপর্ব চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পুজো সম্পন্ন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ প্রশাসনের।





