শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেবক মোড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো।এদিন পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হল প্রায় ২০ হাজারেরও বেশি রসগোল্লা।বাংলার ঐতিহ্যবাহী এই মিষ্টির স্বীকৃতি ও জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
এদিন বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।তিনি নিজে পথচলতি মানুষের হাতে রসগোল্লা তুলে দেন। পাশাপাশি নিজেও রসগোল্লার স্বাদ উপভোগ করেন।
মন্ত্রী জানান, রসগোল্লা আমার অত্যন্ত প্রিয়। বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টিকে ঘিরে এমন উদ্যোগের প্রশংসাও করেন তিনি। এদিনের অনুষ্ঠানে বাংলার মিষ্টিকে পর্যটনের সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন পর্যটনমন্ত্রী। তিনি আরও জানান, আগামী দিনে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাংলার রসগোল্লাকে বিশেষভাবে প্রমোট করার পরিকল্পনা রয়েছে। পর্যটন হাবগুলিতে রসগোল্লা রাখার পাশাপাশি বাংলার অন্যান্য খাদ্যসামগ্রীর সঙ্গেও এই মিষ্টিকে তুলে ধরা হবে। এর জন্য পর্যটন দফতরের তরফে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি বিজয় ধর এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতির স্মৃতিকে সামনে রেখে রসগোল্লা দিবস উদযাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলার ঐতিহ্য ও মিষ্টির গৌরবকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।





