দার্জিলিং, ১৪ নভেম্বরঃ ছট পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ি শহরের ঘাটগুলিতে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
শনিবার সকালে তিনি শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাট পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা। ঘাটে ছট পুজোর আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথায় কোথায় আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী।
ছট পুজো উপলক্ষে প্রতিবছরই শিলিগুড়ির বিভিন্ন নদী ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়।
পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী জানান, ছট পুজো যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। পুণ্যার্থীদের যাতে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এবছর শিলিগুড়ি শহরের সমস্ত ছট পুজোর একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা হবে। শহরের কোথায় কোথায় ছট পুজোর আয়োজন করা হয়, সেই সংক্রান্ত তথ্য একত্রিত করে এই ডেটাবেস প্রস্তুত করা হবে। ডিজে এবং শব্দবাজির ব্যবহার নিয়ে তিনি আয়োজকদের সতর্ক করেন। মন্ত্রীর স্পষ্ট বার্তা, ছট পুজোর নামে কোনওভাবেই ডিজে বা শব্দবাজির ব্যবহার বরদাস্ত করা হবে না।





