শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ ছটপুজোকে কেন্দ্র করে শিলিগুড়ির সন্তোষীনগর ১ নম্বর ছটপুজো ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।ঘাট সাজিয়ে তোলার পাশাপাশি পূর্ণার্থীদের সুবিধা ও নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিচ্ছেন উদ্যোক্তারা।
এবছর ছটপুজোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মুম্বই থেকে আগত সংগীতশিল্পী। ছটপুজোর রাতে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্যোক্তাদের দাবি, গত বছরের তুলনায় এবছর প্রস্তুতি ও আয়োজনের ক্ষেত্রে কোনওরকম বিঘ্ন ঘটেনি। পাশাপাশি পূর্ণার্থীদের পুজো আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেশকিছু নতুন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এবছর ঘাটে পুরোহিতের ব্যবস্থা থাকছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূর্ণার্থীরা পুজো সম্পন্ন করতে পারবেন। এছাড়াও দুধ অর্পণের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে পুজোর সময় কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয়।
নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। পুলিশ প্রশাসনের পাশাপাশি কমিটির তরফে নিজস্ব নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও রাখা হচ্ছে।
অন্যদিকে, ছটপুজোর ঘাট বিক্রি এবং পূর্ণার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন সন্তোষীনগর ১ নম্বর ছটপুজো কমিটির উদ্যোক্তারা। তাদের বক্তব্য, ঘাট বিক্রি বা অতিরিক্ত টাকা নেওয়া নিয়ে যে সমস্ত খবর ও তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলিতে কেউ কান দেবেন না। কমিটির তরফে কারও কাছ থেকে কোনওরকম অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না বলেও দাবি তাদের।যদি কমিটির নাম করে কেউ টাকা দাবি করেন, তাহলে সরাসরি পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।





