শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ রাজস্থানের রয়েল প্যালেসের আদলে সেজে উঠছে শিলিগুড়ির আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। এবছর ১৭তম বর্ষে পদার্পণ করছে তাদের জগদ্ধাত্রী পুজো।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে পুজোর পরিকল্পনা ও আয়োজনের কথা তুলে ধরেন পুজো কমিটির সেক্রেটারি শঙ্কর দে। এবারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে রাজস্থানের এক রাজকীয় প্রাসাদের আদলে তৈরি মণ্ডপ।মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণ, সব ক্ষেত্রেই স্থানীয় শিল্পীদের উপর ভরসা রেখেছে পুজো কমিটি। থাকছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবারও মেলা বসবে।
এবারে জগদ্ধাত্রী পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।স্থানীয় শিল্পীদের কাজের মাধ্যমে পুজোর সৌন্দর্য ফুটিয়ে তোলার পাশাপাশি তাদের কাজের সুযোগ করে দেওয়ার বিষয়টিও নজরে রাখা হয়েছে। প্রতিবছরই পুজোয় দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়। সেই কথা মাথায় রেখে এবারও নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শিলিগুড়ির আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো এবারও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা উদ্যোক্তাদের।





