শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ গভীর রাতে শিলিগুড়ির নৌকাঘাট মোড় এলাকায় পথ দুর্ঘটনা।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা একটি চারচাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চালক ও এক সহযাত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।গাড়ির ভেতর থেকে চালক ও সহযাত্রীকে উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।





