শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ সমাজের প্রচলিত পরিচয়ের গন্ডি পেরিয়ে ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের এক অনন্য নজির গড়ে তুলেছে বৃহন্নলা সম্প্রদায়। শিলিগুড়ির বাড়িভষা মাদানি বাজার এলাকায় বৃহন্নলা সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত কালীপুজো এবারও স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রায় ৩৯ বছর ধরে ধারাবাহিকভাবে এই পুজোর আয়োজন করে আসছেন তারা।
তাদের কাছে এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আবেগ, বিশ্বাস এবং দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ অধ্যায়। বছরের পর বছর ধরে নিজেদের সাধ্য অনুযায়ী মায়ের পুজোয় কোনও খামতি রাখতে চান না তারা।
বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যদের বিশ্বাস, তাদের মা অত্যন্ত জাগ্রত। মন থেকে মায়ের কাছে কিছু প্রার্থনা করলে মা কাউকে খালি হাতে ফেরান না। তাদের বিশ্বাস, মা কালী সবচসময় তদের বিপদ থেকে রক্ষা করেন এবং কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি ও সাহস জোগান।
তবে এই পুজোর বিশেষত্ব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুজোকে কেন্দ্র করে সমাজসেবামূলক উদ্যোগেও সামিল হন সম্প্রদায়ের সদস্যরা।





