শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ শিলিগুড়ির ফুলেশ্বরী সংলগ্ন আইওসি মোড়ে ট্রাফিক পুলিশের একটি বুথের সামনে থেকে প্রচুর কার্তুজ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত ব্যাগের মধ্যে কার্তুজগুলি দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এরপরই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
জানা গিয়েছে, আইওসি মোড়ে অবস্থিত ট্র্যাফিক পুলিশের বুথের ঠিক পাশেই একটি ব্যাগ ফেলে রাখা ছিল। মঙ্গলবার সকালে ওই এলাকার এক বাসিন্দার নজরে আসে ব্যাগটি। সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। এরপর ব্যাগটিতে তল্লাশি চালাতেই প্রচুর কার্তুজ দেখতে পান পুলিশকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোথা থেকে এই কার্তুজগুলি এল, কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল এবং কে বা কারা ব্যাগটি ফেলে গিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যেই কার্তুজগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি কার্তুজগুলি কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।





