শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শুক্রবার এয়ারভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের বাজেয়াপ্ত করা ২০৯টি মডিফায়েড সাইলেন্সারের উপর রোলার চালিয়ে সেগুলি নষ্ট করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কিছুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বিকট শব্দযুক্ত মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ট্রাফিক বিভাগ। সেই অভিযানে মোট ২০৯টি সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার প্রকাশ্যে সেগুলি নষ্ট করা হয়।
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, মডিফায়েড সাইলেন্সারের বিকট শব্দে সাধারণ মানুষ, বিশেষত হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক ও পথচারীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। পাশাপাশি শব্দদূষণও বাড়ে। তাই এই ধরনের সাইলেন্সার ব্যবহারকারী বাইক চালকদের পাশাপাশি বিক্রেতাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। শহরের যেসব দোকানে এই সাইলেন্সার বিক্রি হয়, সেখানেও অভিযান চালাবে পুলিশ।
অন্যদিকে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, ট্রাফিক বিভাগের অভিযানে বাজেয়াপ্ত হওয়া ২০৯টি সাইলেন্সার নষ্ট করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে তিনি আবেদন জানান, কমবয়সি ছেলেমেয়েদের হাতে বাইক তুলে দেবেন না। নিয়ম ভঙ্গকারী বাইক চালক এবং মডিফায়েড সাইলেন্সার বিক্রেতাদের বিরুদ্ধে আগামীদিনেও অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।





