শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’-এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়িতে ছাত্র হুংকার মহামিছিলের ডাক দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।আগামী ১৯ নভেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এসডিও অফিস পর্যন্ত এই মহামিছিলের আয়োজন করা হবে। শনিবার শিলিগুড়িতে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন এবিভিপি-র সদস্যরা।
সংগঠনের দাবি, উত্তরবঙ্গের ১২টি সাংগঠনিক জেলা থেকে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী এই মিছিলে অংশগ্রহণ করবেন। শুধু উত্তরবঙ্গেই নয়, আগামীদিনে এই আন্দোলন দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।
এবিভিপি-র সদস্যরা জানান, ভারতীয় জেন-জি দেশের স্বার্থেই কাজ করবে। ভারতকে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না বলেও দাবি করেন তারা। তাদের অভিযোগ, জেন-জি আন্দোলনের নাম করে বিভিন্ন রাজনৈতিক দল দেশের বিভিন্ন প্রান্তে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। কখনও আম আদমি পার্টি, কখনও ককরোচ জনতা পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগও তোলেন তারা। বিদেশি শক্তির প্রভাবেও দেশে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি সংগঠনের।
এই সমস্ত ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীদের একজোট করে রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বরের মহামিছিলের মাধ্যমে সেই প্রতিবাদ আরও জোরালো হবে।





