শিলিগুড়ি, ৬ নভেম্বর : স্যুট-বুট পরে ভদ্রলোকের ছদ্মবেশে একের পর এক বাড়িতে চুরি। অবশেষে মাটিগাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল সেই চোর। অভিযুক্তকে গ্রেফতারের পর শিবমন্দিরে দুটি চুরির ঘটনার কিনারা করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২৯ গ্রাম গলানো সোনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর শিবমন্দিরের নেতাজিপল্লিতে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়। এর দুদিন পর, ১৭ সেপ্টেম্বর সারদাপল্লি এলাকাতেও একই ধরনের চুরির ঘটনা ঘটে। এই দুটি ঘটনায় বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও হয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ জানতে পারে, জলপাইগুড়ির বানারহাটে একটি চুরির মামলায় ধৃত ব্যক্তি এই দুটি ঘটনাতেও জড়িত। এরপর তাকে শ্যোন অ্যারেস্ট করে মাটিগাড়ায় নিয়ে আসে পুলিশ।
ধৃতের নাম রঘুবীর প্রসাদ সাহ। মাটিগাড়া এলাকার বাসিন্দা। তিনদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় প্রথমে তার বাড়ি থেকে ৯ গ্রাম গলানো সোনা উদ্ধার হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে আরও ২০ গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে মোট ২৯ গ্রাম গলানো সোনা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিভিন্ন সময়ে স্যুট-বুট পরে ভদ্রলোকের ছদ্মবেশ ধারণ করত। এরপর ফাঁকা বাড়ি চিহ্নিত করে চুরির ঘটনা ঘটাতো। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ।





