শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ শিলিগুড়ির পিসি মিত্তল বাস টার্মিনাসে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং।
ধৃতরা হল মহম্মদ আলিম, শরিফুল ইসলাম ও রবিউল মিঞা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বাস টার্মিনাসে যৌথভাবে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে তিনটি প্যাকেটে প্রায় ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মালদা থেকে একটি বেসরকারি বাসে করে ওই মাদক শিলিগুড়িতে নিয়ে এসেছিল ধৃতরা। শহরে মাদক সরবরাহের আগেই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ।





