শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ আর কয়েকদিন পরই কালীপুজো। উৎসবের আবহে সেজে উঠছে শিলিগুড়ির মিলনপল্লি। এবছর ২৫তম বর্ষে পদার্পণ করছে মিলনপল্লি তরুণ সংঘের কালী পুজো। ২৫ তম বর্ষকে স্মরণীয় করে তুলতে উদ্যোক্তাদের পক্ষ থেকে রাখা হয়েছে একাধিক বিশেষ আকর্ষণ।
এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে মনোমুগ্ধকর আলোকসজ্জা ও লেজার শো। পাশাপাশি প্রতিমাতেও রয়েছে বিশেষ ভাবনা। শ্যামামায়ের কোলে একদিকে থাকবেন গণেশ ঠাকুর এবং অন্যদিকে কার্তিক ঠাকুর। এই অভিনব প্রতিমা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
এদিকে ২৫ বছরের এই পুজো ঘিরে কমিটির সদস্যদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। এবছর পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন বলেই আশা উদ্যোক্তাদের।





