শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরনিগম পরিদর্শন এবং নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশের পরই তৎপর হয়ে উঠল পুর প্রশাসন।বুধবার সকাল থেকেই শিলিগুড়িতে শুরু হল তিন দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান।
পাঁচটি বিশেষ দল গঠন করে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জঞ্জাল সাফাইয়ের কাজ। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন পুর প্রশাসক আর বিমলা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শহরের নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। বিভিন্ন এলাকায় জমে থাকা জঞ্জাল, অপরিচ্ছন্ন রাস্তা এবং নিয়মিত সাফাই না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন সাধারণ মানুষ। নাগরিক পরিষেবা খতিয়ে দেখতে গতকাল পুরনিগমে যান মুখ্যমন্ত্রী।
সংশ্লিষ্ট আধিকারিকদের নাগরিক পরিষেবা স্বাভাবিক ও সচল রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কালীপুজোর আগে শহরজুড়ে জঞ্জাল সাফাই এবং পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়ার নির্দেশও দেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আজ সকাল থেকে শুরু হয় এই বিশেষ অভিযান। শহরের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকায় জমে থাকা জঞ্জাল পরিষ্কারের জন্য পাঁচটি বিশেষ দলকে কাজে লাগানো হয়েছে।এই কাজ খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় পৌঁছান প্রশাসক আর বিমলা।
এদিন আর বিমলা জানান, গতকাল বৈঠকের পরই ৭২ ঘণ্টার বিশেষ সাফাই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযানের পরও কোথাও নোংরা-আবর্জনা জমে থাকছে কিনা, সেদিকেও নজর রাখা হবে।
শহরবাসীর উদ্দেশে তিনি বলেন, কোথাও জঞ্জাল বা অপরিচ্ছন্ন পরিবেশ নজরে এলে পুরনিগমের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ওয়েবসাইটের মাধ্যমে সেই তথ্য জানান। নাগরিকদের সক্রিয় সহযোগিতা পেলে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে।





