শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ ভারত-ভুটান সীমান্ত দিয়ে সোনা ও বিদেশি মুদ্রা পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ডিআরআই-এর শিলিগুড়ি ইউনিট। জলপাইগুড়ির ওল্ড ডাবগ্রামের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭২০ গ্রাম সোনার বিস্কুট এবং ৬,৬০০ মার্কিন ডলার উদ্ধার।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিআরআই। ধৃতদের নাম দিনেশ কুমার, রঘুবীর কুমার এবং সুরজ শাহ।
ডিআরআই সূত্রে খবর, ভুটান থেকে জয়গাঁও হয়ে সোনা ও বিদেশি মুদ্রা পাচার করে বিহারের মুজফ্ফরপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাসটিতে তল্লাশি চালান আধিকারিকরা। সেই সময় দুই অভিযুক্তের কাছ থেকে মোট ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। অন্যদিকে, তৃতীয় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় ৬,৬০০ মার্কিন ডলার। অভিযানে সোনা ও বিদেশি মুদ্রার পাশাপাশি মোবাইল ফোন-সহ অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর মোট বাজারমূল্য ১ কোটি ৫ লক্ষ ৫২ হাজার ৩৮০ টাকা।
তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।





