রাজগঞ্জ, ৩ নভেম্বরঃ দুর্ঘটনার কবলে পড়লো বেসরকারি যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা যাত্রীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া–শিলিগুড়ি রুটের একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বন্ধুনগর সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার পার করে উলটো লেনে চলে যায় বাসটি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, বাসে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের পুলিশ এবং ভোরের আলো থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজ শুরু করা হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।





