শিলিগুড়ি, ২৪ নভেম্বর: বাড়ির মন্দির থেকে চুরি যাওয়া কাঁসার বাসনপত্র উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় চম্পক রায় নামে অম্বিকানগরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর ভোরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সিপাইপাড়া মাস্টার প্ল্যান এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দারের বাড়ির মন্দির থেকে পুজোর কাঁসার বাসনপত্র চুরি যায়। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি নজরে আসতেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।সোমবার অম্বিকানগর এলাকা থেকে চম্পক রায়কে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রীর হদিস পায় পুলিশ।
এরপর অভিযুক্তকে সঙ্গে নিয়ে হরিপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় চুরি যাওয়া কাঁসার বাসনপত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।





