শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের নিউ পালপাড়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে ড্রেনের মধ্যে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন দোকানদার। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মিদুল চক্রবর্তী। এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় পুরোহিত হওয়ার পাশাপাশি একটি মোবাইলের দোকানে কাজ করতেন যুবক।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেল থেকেই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ দোকান খুলতে এসে ড্রেনের মধ্যে তার দেহ দেখতে পান দোকানদার।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





