শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ ভুয়ো কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সাইবার প্রতারণার টাকা লেনদেনের অভিযোগ। একটি বড় চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার দুজন। একটি অ্যাকাউন্টে প্রায় ১২ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে একটি ভুয়ো কোম্পানির সন্ধান মেলে। অভিযোগ, ওই কোম্পানির নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সাইবার প্রতারণার টাকা লেনদেন করা হচ্ছিল। এই কারবারের পিছনে একটি বড় চক্র সক্রিয় রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা।
তদন্তে জানা যায়, বিষ্ণু দর্নালের নামে ওই ভুয়ো কোম্পানিটি রেজিস্টার করা হয়েছিল। এরপর গত ১৯ নভেম্বর বিষ্ণু দর্নালকে গ্রেফতার করে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। জিজ্ঞাসাবাদে নকশালবাড়ির বাসিন্দা এমডি মজিদুলের নাম উঠে আসে।
পুলিশের দাবি, কিছু টাকার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে দিয়ে ভুয়ো কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানোর কাজ করত মজিদুল। এরপর গতকাল নকশালবাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যেগুলিতে সাইবার প্রতারণার টাকা লেনদেন করা হয়েছে। তদন্তে শিলিগুড়ির একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারের নামও সন্দেহভাজনদের তালিকায় উঠে এসেছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





