শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ কুয়োতে পড়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিকিয়াপাড়ায়। মৃতার নাম দীপ্তি মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপ্তি মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রবিবার পরিবারের অন্যান্য সদস্যরা বাজারে গিয়েছিল। সেই সময় বাড়িতে একাই ছিলেন তিনি। আচমকাই কুয়োয় পড়ে যান মহিলা। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
এরপর পুলিশ ও স্থানীয় যুবকদের উদ্যোগে মহিলাকে কুয়ো থেকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, মৃতার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী লটারির টিকিট বিক্রি করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





