শিলিগুড়ি, ২২ নভেম্বর: অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। ঘটনাটি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকানগর এলাকার। এই ঘটনায় প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য কমল বর্মনের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, শনিবার রাতে অফিসের কাজ সেরে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। সেইসময় তাদের গাড়ির পেছনে থাকা দুই টোটোচালকের মধ্যে একজন মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। বিষয়টি শুনে গাড়ি থামিয়ে প্রতিবাদ জানান মহিলার স্বামী। কেন এমন মন্তব্য করা হচ্ছে, তা জানতে চান তিনি।
অভিযোগ, এরপরই দুই টোটোচালক, দম্পতির উপর চড়াও হয়ে তাদের মারধর করে। এমনকি, ঘটনাস্থলে তাদের আটকে রাখারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত দম্পতির দাবি, সেই সময় ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি।
অন্যদিকে খবর পেয়ে প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য কমল বর্মনও ঘটনাস্থলে পৌঁছন এবং ছেলের পক্ষ নেন বলে অভিযোগ। এরপর আক্রান্ত দম্পতি এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক কিংবা পঞ্চায়েতের সঙ্গে সম্পর্ক থাকুক, তাতে কিছু যায় আসে না। কোনও মহিলার গায়ে হাত তোলা সম্পূর্ণ অন্যায়। এই ধরনের দুর্ব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। পুলিশ যথাযথ পদক্ষেপ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য কমল বর্মন ও তার ছেলের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





