শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ সেবক-রংপো প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন রিভা লামা। শনিবার মাটিগাড়া থানার পুলিশের সহযোগিতায় উত্তরায়ণ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর বিজেপি নেতা মানিক অরোরার দাদা শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সেবক-রংপো প্রকল্পে কাজের জন্য রিভা লামাকে মোট এক কোটি টাকা দেওয়া হয়েছিল। মানিক অরোরা ও তার দাদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকা দেওয়া হয় বলে দাবি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় টাকা ফেরত চাওয়া হলে তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।
মানিক অরোরার দাবি, তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। তবে বর্তমানে পুলিশের পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অন্যদিকে, রিভা লামা দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নোমান রাইয়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। যদিও বিষয়টিকে রাজনৈতিক রং দিতে নারাজ মানিক অরোরা। তার বক্তব্য, এটি সম্পূর্ণভাবে আর্থিক প্রতারণার ঘটনা এবং আইন মেনেই অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





