শিলিগুড়ি: উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। এবার শিলিগুড়ি থেকে সরাসরি বাসে পৌঁছে যাওয়া যাবে নদিয়ার নবদ্বীপের মায়াপুরে ইসকন মন্দিরে। দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) উদ্যোগে চালু হলো শিলিগুড়ি-মায়াপুর সরাসরি বাস পরিষেবা। রবিবার শিলিগুড়ির ইসকন মন্দিরের সামনে আনুষ্ঠানিকভাবে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
এতদিন শিলিগুড়ি থেকে মায়াপুরে যাওয়ার জন্য কোনও সরাসরি সরকারি বাস পরিষেবা ছিল না।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই উদ্যোগে খুশি পুণ্যার্থীরা। নতুন এই বাস পরিষেবার ফলে শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুরে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। পাশাপাশি বালুরঘাট থেকেও একটি বাস নিয়মিত মায়াপুরে যাবে।
প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি থেকে মায়াপুরে সরাসরি বাস পরিষেবার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। বিশেষ করে যাঁরা নিয়মিত মায়াপুরের ইসকন মন্দির দর্শনে যান, তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।





