শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে তানিশা ঘোষের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়। গতকাল শেষকৃত্যের জন্য তানিশার দেহ বাড়িতে নিয়ে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিবারের সদস্যদের অভিযোগ, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তাদের বিবাদ চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে তানিশার দেহ বাড়ির সামনে রেখে পরিবারের লোকজন বাড়ির পাশেই বসবাসকারী এক মহিলার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিবারের অভিযোগ, ওই মহিলার সঙ্গে সুদের টাকা লেনদেনের কারবার চলত।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তানিশার দাদা এবং তার কয়েকজন বন্ধু ওই মহিলার বাড়িতে চড়াও হন। এই ঘটনায় সেখানে মারধর ও রক্তাক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এলাকায় শান্তি ফিরে আসে।
তানিশার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি সুদের টাকা লেনদেনকে ঘিরে এই সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গোটা ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





