শিলিগুড়ি,২০ নভেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন তিনবাত্তি মোড়ে ট্রাক চালককে মারধর ও তোলাবাজির অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রথমে অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ নামে দুজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। পরবর্তীতে তাদের তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গতকাল জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে শুভাশীষ রায় ওরফে বিশাল নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হলেও মূল অভিযুক্তের সন্ধান মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত তিনজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





