শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ শিলিগুড়িতে মর্টার শেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভক্তিনগর থানার অন্তর্গত ইন্দিরা গান্ধি ময়দানের পাশের জঙ্গল থেকে মর্টার শেল উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
এরপর সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মর্টার শেলটি নিরাপদে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় দুবছর আগে তিস্তা নদীতে ভয়াবহ বন্যার সময় সেনা শিবির থেকে ভেসে এসে মর্টার শেলটি নদী সংলগ্ন এলাকায় পৌঁছেছিল। পরবর্তীতে কোনও ব্যক্তি সেটি তুলে এনে জঙ্গলে ফেলে দিয়ে থাকতে পারেন বলে অনুমান।গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





