শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ শিলিগুড়ির ডাবগ্রামে ২৩ বছর বয়সী তরুণী তানিশা ঘোষের রহস্য মৃত্যুর ঘটনায় মা দীপশিখা ঘোষ এবং প্রতিবেশী মহিলা পলাশী দাসকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, গত ১৯ সে নভেম্বর ২৩ নম্বর ওয়ার্ডে তানিশা ঘোষের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর মৃতার বাবা ও ভাই অভিযোগ করেন, তানিশাকে তার মা এবং এক প্রতিবেশী মহিলা মিলে খুন করেছে। এই অভিযোগের ভিত্তিতেই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত মা।গতকাল রাতে মৃতদেহ বাড়িতে আনার পর পরিস্থিতি অশান্ত হয়।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মা ও প্রতিবেশী মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুজনকে আজ আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনে আসল কারণ এবং মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।





