শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ প্রধাননগর থানার অন্তর্গত মাল্লাগুড়িতে এনবিএসটিসি ডিপোর সামনে গভীর রাতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্কুটি ধাক্কা মারে একটি দ্রুতগতির চারচাকা গাড়ি। এরপর গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় স্কুটি চালক আহত হন। পাশাপাশি স্কুটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে দুই তরুণী-সহ মোট চারজন ছিলেন।অভিযোগ, গাড়িতে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ। আহত স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পাশাপাশি গাড়ির চালককে আটক করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও স্কুটি দুটিকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





