শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এলাকার বাসিন্দাদের। ইস্টার্ন বাইপাস থেকে সারদা শিশুতীর্থ স্কুল পর্যন্ত নতুন পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী। সোমবার নরেশ মোড়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণকাজের সূচনা করেন তিনি।
দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাটি। খানাখন্দে ভরে যাওয়ায় প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। পুজোর আগে সাময়িকভাবে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করা হলেও স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। পাশাপাশি রয়েছে একাধিক কারখানা ও স্কুল।
নতুন করে পাকা রাস্তা নির্মাণ হলে এলাকার বাসিন্দা, স্কুলের পড়ুয়া, কারখানার কর্মী থেকে শুরু করে যানবাহন চালকদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে জানান বিধায়ক শিখা চ্যাটার্জি।





