রাজগঞ্জ, ২৪ নভেম্বরঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার উদ্যোগে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হল। মঙ্গলবার থানা প্রাঙ্গণে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
এদিন থানার পুলিশ আধিকারিক, কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রক্তদান করেন।
শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড সেন্টার ও মারোয়ারি যুব মঞ্চের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি রক্ত পরীক্ষার ব্যবস্থাও ছিল। এদিন প্রায় শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পুলিশ কমিশনার। এছাড়াও থানা সংলগ্ন মন্দিরে রাধাগোবিন্দ মন্দিরের উদ্বোধন করেন তিনি।
পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, পুলিশের এই উদ্যোগের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করা। রক্তদানের মাধ্যমে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতেও বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। সাইবার অপরাধ, নাবালিকা বিবাহ এবং মাদকাসক্তির কুফল নিয়ে স্কুলে স্কুলে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে। অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে সাধারণ মানুষের সঙ্গে হেল্পলাইন নম্বরও ভাগ করে নেওয়া হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে সেই তথ্যের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোরের আলো থানার ওসি সুদীপ কুমার দত্ত, এসআই চিরঞ্জিত সাহা, এস আই অভিজিৎ দাস, উৎপল দাস, সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।





