শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ ক্রীড়াক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য জাতীয় পদকজয়ী শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিস খেলোয়াড়দের সংবর্ধনা জানাল প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির সদস্যরা। সোমবার শিলিগুড়ির কলেজপাড়া এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের সম্মানিত করা হয়।
জানা গিয়েছে, কেরালায় আয়োজিত প্রতিযোগিতায় শিলিগুড়ির খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক জয় করে শহরের মুখ উজ্জ্বল করেছেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটি ও দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার। তিনি জানান, আগামী দিনে খেলোয়াড়দের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। তাদের পাশে থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি আগামীদিনে আরও ভালো ফলাফল করে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এবং আন্তর্জাতিক স্তরেও সাফল্য অর্জনের জন্য খেলোয়াড়দের উৎসাহিত করেন তিনি।





