শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ বাড়ি থেকে মাদক কারবার চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম এমডি ইসমাইল।বিশ্বাস কলোনির বাসিন্দা।ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার ও নগদ টাকা।
জানা গিয়েছে, এমডি ইসমাইল নিজের বাড়ি থেকেই মাদক কেনাবেচার কারবার চালাচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় মাটিগাড়া থানার পুলিশ। সেই খবরের ভিত্তিতে গত ২৪ ঘণ্টা ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ।
এরপর পরিকল্পনা অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫৫ গ্রাম ব্রাউন সুগার, ৬০ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।





