শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ দোকানে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। চুরি যাওয়া সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম দেবব্রত সরকার। ধৃত ফালাকাটার বাসিন্দা বর্তমানে সে মায়ের সঙ্গে শিলিগুড়িতে ভাড়াবাড়িতে থাকত।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির নেতাজি সরণি এলাকার একটি দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দোকানে চুরির ঘটনা ঘটায় অভিযুক্ত। ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে।
অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





