শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ শিলিগুড়ির অম্বিকানগরে এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অম্বিকানগর এলাকার একটি মাঠে দাঁড়িয়েছিলেন রবি বর্মন। অভিযোগ, সেই সময় কয়েকজন বহিরাগত যুবক সেখানে এসে তার উপর চড়াও হয়। আচমকাই তাদের মধ্যে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে রবির উপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রবির উপর হামলার ঘটনা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। যদিও স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও এক অভিযুক্তের হদিশ পায় পুলিশ। এরপর তাকেও গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম বিকি শর্মা ও শানু বিশ্বাস। দুজনই দক্ষিণ অম্বিকানগরের বাসিন্দা। বুধবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।





