শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ রাস্তা দখল করে ব্যবসা এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে আচমকাই অভিযান চালায় পানিট্যাংকি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা করা সামগ্রী সরিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে পার্কিং করা গাড়িও সরিয়ে দেওয়া হয়।
শিলিগুড়ির বিধান মার্কেট ও শেঠ শ্রীলাল মার্কেটে সবসময় ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকে। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকরা এই মার্কেটে আসেন। তবে দিন দিন বাড়ছে যানজটের সমস্যা। অভিযোগ, একাংশ ব্যবসায়ী রাস্তার উপরেই নিজেদের পসরা সাজিয়ে ব্যবসা চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাড়ি পার্কিং করায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এদিন অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযানে রাস্তার উপর রাখা ব্যবসার সামগ্রী সরিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় অবৈধভাবে পার্কিং করা গাড়িও সরিয়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে আগামীদিনেও এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে।





