শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ সিকিমে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই মদ উদ্ধার করলো ভক্তিনগর আবগারি বিভাগ।অভিযানে মোট ৯২৫.২ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার দুজন।ধৃতদের নাম নিকেশ কুমার ও মহম্মদ সাবির। দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আবগারি দফতর সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভক্তিনগর থানার অন্তর্গত বেঙ্গল সাফারি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় একটি মালবাহী ট্রাক আটক করে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়। মদের বোতল ও কার্টনে স্পষ্টভাবে ‘ফর সেল ইন সিকিম ওনলি’ লেখা ছিল।
উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২৩ লক্ষ ১৩ হাজার টাকা। মদ পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করে আবগারি বিভাগ। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।





