শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ বিহার থেকে অসমে মহিষ পাচারের চেষ্টা রুখে দিল মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করার পাশাপাশি মহিষবোঝাই বিহার নম্বরের দুটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১১টি মহিষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তুম্বাজোত এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। সেই সময় বিহার নম্বরের দুটি সন্দেহজনক পিকআপ ভ্যান আটক করে পুলিশ। গাড়ির চালকদের কাছে মহিষ পরিবহণের বৈধ নথিপত্র চাওয়া হলে তারা কোনও কাগজ দেখাতে পারেনি। এরপর দুই গাড়ির চালক ও সহচালককে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম জামাল মণ্ডল, প্রবীণ কুমার, শিবশঙ্কর রায় এবং সোনু কুমার। জামাল অসমের বাসিন্দা। বাকি তিনজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যেই মহিষ গুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
শুক্রবার ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





