শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ ভোটের আগে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন সমীকরণ। শিলিগুড়ি পুরনিগমের তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। শুক্রবার শিলিগুড়ির বিধান ভবনে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুবীন ভৌমিকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ছেড়ে আরও প্রায় ৪০ জন যুবক জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
এদিন সাংবাদিক বৈঠকে সুবীন ভৌমিক জানান, কংগ্রেসে যোগদানের জন্য ইতিমধ্যেই বহু মানুষ আবেদন করেছেন। সেই আবেদনগুলির মধ্যে বেশ কয়েকটি মঞ্জুর হয়েছে। কালীপুজোর পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে প্রাক্তন মেয়র পারিষদদেরও কংগ্রেসে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে কংগ্রেসে যোগদান প্রসঙ্গে সিক্তা দে বসু রায় জানান, রাস্তায় নেমে মানুষের পাশে থেকে যেভাবে কংগ্রেস কাজ করছে, সেই কাজের অংশীদার হতেই তার এই সিদ্ধান্ত। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার কোনও ক্ষোভ বা অভিযোগ নেই বলেও স্পষ্ট জানান তিনি।





