শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ মোটর ভেহিকেল দপ্তরের আধিকারিকদের গাড়ি চেকিং এবং জরিমানা করাকে কেন্দ্র করে শিলিগুড়ির মেডিক্যাল মোড়ে ছড়ায় উত্তেজনা। অভিযোগ, জরিমানা করার পর এক পাঞ্জাব নম্বরের ট্রাক চালক রাস্তা অবরোধ করেন এবং কর্মরত আধিকারিকদের কাজে বাধা দেন।পাশাপাশি তার কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন ওই চালক। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
এই ঘটনার পর শুক্রবার শিলিগুড়ির মোটর ভেহিকেল দপ্তরে সাংবাদিক বৈঠক করেন আধিকারিকরা।সেখানে গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
আধিকারিকরা জানান, ঘটনার দিন রাত প্রায় ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরের সামনে একটি ট্রাক আটক করে পরীক্ষা করা হয়। ট্রাকটিতে একটি যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছিল, যার অর্ধেক অংশ গাড়ির বাইরে বেরিয়ে ছিল। এরফলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। সেই কারণেই নিয়ম অনুযায়ী গাড়িটিকে জরিমানা করা হয়।
জরিমানা করার পর প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে গিয়ে ওই ট্রাক চালক রাস্তা অবরোধ করেন এবং কর্মরত আধিকারিকদের কাজে বাধা দেন। শুধু তাই নয়, ওই চালকের বিরুদ্ধে মোট ৪৩টি মামলা রয়েছে বলেও দাবি করেন মোটর ভেহিকেল দপ্তরের আধিকারিকরা।
এদিন শিলিগুড়ির আরটিও মিল্টন চন্দ্র দাস স্পষ্ট জানান, সরকারি নিয়ম মেনে দপ্তরের আধিকারিকরা তাদের দায়িত্ব পালন করছেন। সেই কাজে বাধা সৃষ্টি করা বা আধিকারিকদের হেনস্থা করার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।





