শিলিগুড়ি,৭ নভেম্বর: চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন এনজেপি থানা এলাকায়। যৌন নির্যাতনের অভিযোগ তুলে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শিশুর মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, চার বছরের শিশুকন্যা গত প্রায় এক সপ্তাহ ধরে পেট ব্যথার কথা জানাচ্ছিল।মাঝেমধ্যেই কান্নাকাটি করছিল সে। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায় এক ব্যক্তির কথা উল্লেখ করে শিশু।
গত ৪ নভেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিকে দেখতে পায় শিশুটি।তাকে দেখেই কান্নাকাটি শুরু করে এবং মাকে জড়িয়ে ধরে। শিশুর এমন আচরণে মায়ের সন্দেহ আরও গভীর হয়।
পরদিন রাতে অভিযুক্ত যোগেশ রায়ের মুখোমুখি হন শিশুটির মা। অভিযোগ, মেয়ের শারীরিক সমস্যা এবং তার মুখে উঠে আসা কথাগুলি নিয়ে অভিযুক্তকে প্রশ্ন করতেই তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। সেই সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তি অভিযোগকারী মা ও তার শিশুকন্যাকে ধাক্কা দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় এবং শুরু হয় বচসা। অভিযোগ, এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে মারধর করে। পরবর্তীতে এনজেপি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যোগেশ রায়কে আটক করে।
এদিকে খবর পেয়ে থানায় এসে পৌঁছান বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্যামল বিশ্বশর্মা। তিনি বলেন, “অত্যন্ত ঘৃণ্য একটি ঘটনা। পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, শিশুটির সুরক্ষা এবং ন্যায়বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।





