শিলিগুড়ি, ৭ নভেম্বর : মাদক কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। গত সাত দিনে শহর ও সংলগ্ন এলাকা থেকে ৬ কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।
শহরকে মাদকমুক্ত করার লক্ষ্যে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এসওজি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।
শনিবার এয়ারভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, গত সাত দিনে মাদক সংক্রান্ত ১০টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১৪ জনকে। অভিযানে ৩ কেজিরও বেশি ব্রাউন সুগার, ৭২ হাজার নিষিদ্ধ ক্যাপসুল এবং প্রায় ৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে।বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকারও বেশি।
অন্যদিকে দীপাবলি ও কালীপুজোকে কেন্দ্র করে শহর ও সংলগ্ন এলাকায় জুয়ার আসরের বিরুদ্ধেও নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাদক পাচার, জুয়া-সহ সমস্ত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আগামীদিনেও লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।





