শিলিগুড়ি, ৯ নভেম্বরঃ জমির নথি জাল করে মালিকানা বদল ও বিক্রির অভিযোগে মাটিগাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হল আরও এক মহিলা। ধৃতের নাম মালা ছেত্রী। জমি কারবারি মহম্মদ জাহিদের স্ত্রী জেসমিন খাতুন গ্রেফতারের প্রায় ছয় মাস পর একই মামলায় মালা ছেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে এক মহিলা মাটিগাড়ার পাঁচকেলগুড়ি এলাকায় তিন কাঠা জমি কেনেন। ২০২১ সালে সেই জমি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তিনি। কিন্তু পরবর্তীতে জমির নতুন মালিক জানতে পারেন, ওই জমির উপর অন্য এক ব্যক্তিও মালিকানা দাবি করছেন। এরপর খোঁজখবর নিয়ে জানা যায়, ২০২৪ সালে জেসমিন খাতুনের নামে ওই জমি কেনার ভুয়ো নথি তৈরি করা হয়েছে।
অভিযোগ, জমির প্রাক্তন মালিকের স্বাক্ষর জাল করে এবং অন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করে জমি কেনাবেচার নথি তৈরি করা হয়েছিল। ওই নথিতে সাক্ষী হিসেবে জেসমিন খাতুনের স্বামী মহম্মদ জাহিদের নামও উল্লেখ ছিল। ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে গত ২৮ মে জেসমিন খাতুনকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে নেমে এবার মালা ছেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাটিগাড়ার খাপরাইল বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এই মামলার অন্যান্য অভিযুক্তরা নেপালে পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





