শিলিগুড়ি, ১০ নভেম্বর: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বাড়িতে হামলা, পরিবারের মহিলাদের মারধর, সোনার গয়না ও নগদ টাকা লুটের অভিযোগ উঠল বিজেপির মহিলা নেত্রী মামনি দাস ও তার দলবলের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এনজেপি থানা এলাকার ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায়।
এই ঘটনায় মামনি দাস-সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১০০ জনেরও বেশি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেছেন আনোয়ার ইসলাম।
অভিযোগ, পশ্চিম ধনতলায় যে জমিতে তিনি পরিবার নিয়ে বসবাস করেন, সেই জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। এই সমস্যার সমাধানের আশায় তিনি বিধায়িকা শিখা চ্যাটার্জি-সহ বিজেপির একাধিক নেতার সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি বিষয়টি বিজেপি মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা নেত্রী অনিন্দিতা রায় দাসের নজরেও আনা হয়। অভিযোগ, তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আনোয়ার ইসলামের দাবি, গত ৬ নভেম্বর আচমকাই ১০০ জনেরও বেশি লোকের একটি দল তাদের বাড়ির সামনে জড়ো হয়। এরপর জোর করে বাড়িতে ঢুকে পরিবারের মহিলাদের ও বয়স্ক সদস্যদের উপর হামলা চালানো হয়।বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও নগদ টাকা, সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যক্তি।
এদিকে ঘটনার পর কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনোয়ার ইসলামের বাড়ির সামনে এনজেপি থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
এই অভিযোগ নিয়ে বিজেপি নেত্রী মামনি দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন।





