ফুলবাড়ি, ১১ নভেম্বরঃ স্বামীর মৃত্যুর দুমাসের মাথায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু।মৃতার নাম অঞ্জলী রায়। বুধবার সকালে ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২নম্বর পুটিমারি ডাঙ্গাপাড়া্মব
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দুমাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঞ্জলী রায়ের স্বামীর। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি স্থানীয়দের। মঙ্গলবার রাতে নিজের ঘরেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বুধবার সকালে দীর্ঘক্ষণ ঘরের বাইরে না আসায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে তার ছেলে ও প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তার নিথর দেহ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারে স্বামী-স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে ছিল। কয়েক বছর আগে তাদের মেয়েরও মৃত্যু হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বর্তমানে মাকে হারিয়ে পরিবারের একমাত্র ছেলে অসহায় হয়ে পড়েছেন।





