রাজগঞ্জ, ১৩ নভেম্বরঃ খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটার ঐতিহ্যবাহী রাসমেলার প্রস্তুতি। এবছর ৪১তম বর্ষে পদার্পণ করল এই রাসমেলা। পাঁচ দিনব্যাপী এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা রায়ের হাত ধরে খুঁটিপুজোর মাধ্যমে মেলার প্রস্তুতির সূচনা হয়।
মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ নভেম্বর রাসপুজো অনুষ্ঠিত হবে। এরপর ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হবে। মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলার অন্যতম আকর্ষণ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পালাটিয়া গান। ৩ ডিসেম্বর স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সূচনা হবে। ৪, ৫ ও ৬ ডিসেম্বর রয়েছে পালাটিয়া গান। শেষ দিন ৭ ডিসেম্বর থাকছে মিউজিক্যাল নাইট।
মেলা কমিটির সম্পাদক বাপ্পা রায় ও কোষাধ্যক্ষ ভূপেন্দ্রনাথ রায় জানান, প্রতিবছরের মতো এবারও পাঁচদিন ধরে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের মূর্তি, নাগরদোলা, নানান সামগ্রীর দোকান এবং রকমারি মিষ্টির পসরা বসবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায়। উদ্যোক্তাদের দাবি, প্রতিদিন ১০ হাজারেরও বেশি মানুষের ভিড় হয়। ভিড় সামাল দিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি কমিটির পক্ষ থেকে ১০০-র বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।
রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা রায় বলেন, প্রথমবার এই ঐতিহ্যবাহী রাসমেলায় এসে খুঁটিপুজোর মাধ্যমে প্রস্তুতির সূচনা করতে পেরে খুশি।
এদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলা কমিটির সভাপতি সুমন রায়-সহ কমিটির অন্যান্য সদস্যরা।





