শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ সামাজিক সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য নজির গড়ে পঞ্চম বর্ষের জগদ্ধাত্রী পুজোর সূচনা করলো সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। বিধাননগরের ভীমবার ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন পড়ুয়াদের দিয়ে ফিতে কাটিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা। শুধু উদ্বোধনই নয়, পড়ুয়াদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তাদের পাশে থাকার বার্তাও দেন পুজো উদ্যোক্তারা।
এবারে সুভাষপল্লীর এই পুজোর অন্যতম আকর্ষণ কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমার আদলে নির্মিত প্রতিমা। প্রতিমার রূপ ও সাজসজ্জাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। পুজোর দিনগুলিতে মণ্ডপে ভিড় জমবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ কর্মসূচি। নবমীর দিন পুজো মণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।
এবারের পুজোর সূচনায় সবচেয়ে বেশি নজর কেড়েছে দৃষ্টিহীন শিশুদের ঘিরে এই বিশেষ উদ্যোগ। পুজোর উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের সামিল করে উৎসবের আনন্দে সমান অংশীদার করার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।





