শিলিগুড়ি,১৬ নভেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী বাজার এলাকায় এক ব্যক্তিকে জোর করে বাইকে তুলে নিয়ে গিয়ে ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
জানা গিয়েছে, ব্যক্তি কানকাটা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। কাজ শেষে রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে জলেশ্বরী বাজার এলাকা থেকে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় দুটি বাইকে করে তিনজন যুবক তার কাছে আসে। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে বাইকে ওঠার প্রস্তাব দেয়। প্রথমে তিনি রাজি না হলেও, নানা কথাবার্তার মাধ্যমে তাকে বাইকে উঠতে রাজি করানো হয়।
অভিযোগ, এরপর তাকে নির্দিষ্ট রাস্তার পরিবর্তে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি বাইক থেকে নেমে পড়েন। কিন্তু এরপর তাকে জোর করে ফের বাইকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং তার কাছে থাকা সমস্ত কিছু ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পরই ব্যক্তি আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।





