শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ ছটপুজোর সময় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরের। সোমবার ভোরে মাটিগাড়ার বালাসন বাজার সংলগ্ন ছটঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সুজয় বর্মন (১৭)। নবম শ্রেণির ছাত্র ছিল সে। গোটা ঘটনায় বালাসন বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, সোমবার ভোরে পরিবারের সঙ্গে বালাসন বাজারের ছটঘাটে পুজোয় সামিল হয়েছিল সুজয়। সেই সময় নদীতে স্নান করতে নামে সে। অভিযোগ, নদীতে জলের স্রোত অত্যন্ত বেশি থাকায় আচমকাই ভেসে যায় কিশোর। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দা ও ছটব্রতীরা নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ছটঘাটে এই দুর্ঘটনা ঘটে, সেখানেই পুজো করছিল সুজয়ের পরিবার। কয়েকদিন আগেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সুজয়ের ছোট ভাইয়ের। পরপর দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





