শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে বুনো হাতির হানা অব্যাহত। মিলনমোড়ের করাইবাড়ি এলাকায় হাতির হামলায় জখম হলেন এক ব্যক্তি ও তার তিন বছরের শিশু সন্তান। আহতদের নাম নিরঞ্জন ডেকা ও তার তিন বছরের ছেলে ঈভান ডেকা।
জানা গিয়েছে, নিরঞ্জন ডেকা অসমের গুয়াহাটির বাসিন্দা। মিলনমোড়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ছেলেকে সঙ্গে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নিরঞ্জন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে করাইবাড়ি এলাকায় আচমকাই তাদের সামনে চলে আসে একটি হাতি। কিছু বুঝে ওঠার আগেই বাবা ও ছেলের উপর হামলা চালায় হাতিটি। ঘটনায় দুজনই গুরুতর জখম হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধারের করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
রাতের অন্ধকারে আচমকা হাতির হানায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, হাতির যাতায়াত রয়েছে এমন এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাতে সাধারণ মানুষকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক বন দফতর।





